ই-কমার্সে নিষিদ্ধ হচ্ছে এমএলএম

১৬ মার্চ, ২০২১ ১২:১৩  
পণ্য সরবরাহে অপারগ হলে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতাকে অবহিত করণ, ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগ নিষ্পত্তি এবং সময় মতো পণ্য বিতরণে ব্যর্থ হলে ৭ দিনের মধ্যে পণ্যের অগ্রিম পরিশোধিত মূল্য পুরোপুরি ফেরত দেয়ার বিধান রেখে ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা’ প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে নতুন এই নীতিমালায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) নেটওয়ার্ককে কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বিক্রেতার ওয়েবসাইটে কোনো বিশেষ সফটওয়্যার বা কুকিজ থাকলে তা ক্রেতাকে আগেই অবহিত করার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। একইসেঙ্গ বাংলাদেশে ব্যাংকের অনুমতি ছাড়া কোনো ধরণের লটারি বা ভার্চুয়াল ওয়ালেট ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন নীতিমালায়, ক্রসবার্ডার পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য কাস্টম ডিউটি ও আমদানি পর্যায়ের সকল কর/শুল্ক পরিশোধের বিষয় উল্লেখ সহ ডেলিভারির সময় ক্রেতাকে এর প্রমাণপত্রের কপি দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এছড়াও ক্রয়াদেশ গ্রহণে একই শহরের মধ্যে ৫ দিন এবং গ্রাম পর্যায়ে সর্বোচ্চ ১০ দিনের মধ্যে পণ্য সরবারাহের সময়সীমা বেধে দেয়া হয়েছে। সূত্রমতে, আগামী মাস থেকেই এই নির্দেশিকা কার্যকর করতে মাঠে নামছে কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল। তবে এই নির্দেশিকা আইনের অধীনে নিয়ে না আসা পর্যন্ত ডিজিটাল বাণিজ্যে শৃঙ্খলা আনা দূরুহ বলে মনে করছেন ই-ক্যব অর্থ সম্পাদক মোহাম্মাদ আব্দুল হক অনু। তিনি বলেন, নীতিমালার সঙ্গে তা প্রয়োগের নির্বাহী ক্ষমতা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়।